চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চলমান ‘এস ড্রাইভ’ অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ৭০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার সিএমপি সূত্রে জানানো হয়, পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এর সমন্বয়ে গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ৭০৫ জনের মধ্যে মাদক কারবারি ৯৭ জন, ছিনতাইকারী ৩৬৭ জন, চাঁদাবাজ ২৪ জন, কিশোর গ্যাংয়ের সদস্য ১৪৮ জন এবং জুয়াড়ি ৬৯ জন রয়েছেন।
অভিযান চলাকালে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি স্টেনগান (এসএমজি), একটি বিদেশি সাবমেশিন গান, একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং একটি দেশীয় তৈরি পাইপগান।
গোলাবারুদের মধ্যে ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, একটি খালি কার্তুজ ও একটি প্লাস্টিকের তৈরি বুলেটের কেইস উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি এসএমজি ম্যাগাজিন ও তিনটি পিস্তলের ম্যাগাজিনও জব্দ করা হয়।
এছাড়া সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রের মধ্যে একটি চাইনিজ কুড়াল, চারটি কিরিচ, একটি রাম দা, আটটি ছোরা, তিনটি ধামা, দুটি চাপাতি এবং একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ৪০টি চোরাই মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিএমপি কর্মকর্তারা জানান, নগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।