সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে কর্মবিরতি ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

একইসঙ্গে যেসব শিক্ষকের বিরুদ্ধে এরইমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুত অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান সই করা এক চিঠিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় অধিদপ্তর জানায়, মূল্যায়ন চলাকালে বেশ কিছু শিক্ষক পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত ছিলেন, যা শিক্ষা কার্যক্রমে বিঘœ সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, এরইমধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য অধিদপ্তরকে জানাতে হবে। এ বিষয়ে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩ দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা। এর ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায়ও ব্যাহত হয়। পরে সরকারের গণবদলির মুখে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন।