লালমনিরহাট সংবাদদাতা: চাঁদা না দেওয়ায় বিডিআর কল্যাণ পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি মো: মনিরুল ইসলাম রিপন (৫০)কে পিটিয়ে হাড় ভেঙ্গে দিয়েছে সেচ্ছাসেবক দলের নেতা। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দন্ত চিকিৎসক মো: মনিরুল ইসলাম রিপনকে লোহার রড দিয়ে পিটিয়ে হাতের দুটি হাড় ভেঙে দিয়েছে এবং লাঠির আঘাতে বুকের হাড় ভেঙে দিয়েছে।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল সরকার তার কয়েকজন সহযোগীসহ শুক্রবার ভুক্তভোগী মনিরুল ইসলামের চেম্বারে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আরিফুল বলেন, সাংগঠনিক কাজে টাকা লাগবে, উপরের আদেশ টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে মহেন্দ্রনগর আসতে পারবেন না এবং আপনাদের জমি ও গাছ হারাবেন। আমি আপনাদের ভালো চাচ্ছি বলেই আপনার কাছে এসেছি। বিষয়টা আপনি ভালো করে ভেবে দেখবেন। যদি আমার কথা না শোনেন এর ফল ভয়াবহ হবে।

ভুক্তভোগী রিপন বলেন, তাদের দাবিকৃত টাকার মধ্যে ১ হাজার টাকা বের করে দিতে চাইলে ওই নেতার নেতৃত্বে ৫/৭ জন ক্ষিপ্ত হয় । পরে নেতাকে বিকাশ ও ব্যাংকের চেকের মাধ্যমে ৪ হাজার টাকা দেওয়া হলেও তাদের দাবিকৃত ২ লাখ টাকা সম্পূর্ণ না দেওয়ায় শাসিয়ে ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে ভুক্তভোগীর জমির ১০টি গাছ কেটে নিয়ে যায়। পরে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে ওই নেতার এমন ঘটনার প্রতিবাদ জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে ওই দন্ত চিকিৎসকের উপর অতর্কিত হামলা চালায় এবং রড ও লাঠি দিয়ে পিটিয়ে তার বুকের ও হাতের হাড় ভেঙ্গে দেয়।

ওই নেতার বিরুদ্ধে ভুক্তভোগী মো: মনিরুল ইসলাম রিপন লালমনিরহাট সদর থানায় আজ (২৬ মে) অভিযোগ দায়ের করেছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।