লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের প্রচারে বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ছয় জামায়াত কর্মী আহত হয়েছে। রাতেই তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করছেন লক্ষ্মীপুর-২ আসনের জামায়াতের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
রাতে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বশিকপুরের পোদ্দার বাজারে বিক্ষোভ করে কয়েকশ’ জামায়াতের কর্মী সমর্থক। অভিযোগ উঠেছে দাঁড়িপাল্লার প্রচারের অংশ হিসেবে মহিলা জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় স্থানীয় আলাউদ্দিন আলম নামের বিএনপির কর্মী তাদের বাধা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। পরে খবর পেয়ে জামায়ত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে তাদের উপরে হামলা চালায় বিএনপি নেতা কর্মীরা।
ঢাকার খিলক্ষেতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার নিন্দা
ঢাকা-১৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল সোমবার এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি সকালে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম নেতাকর্মীসহ খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমি এই অন্যায় ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী কর্মকা- কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেশবাসী মেনে নেবে না।