কয়রা (খুলনা) সংবাদদাতা : উপকূলীয় জনপদ কয়রা-পাইকগাছার টেকসই উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের ‘টিমওয়ার্ক’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ।
গত ২৪ ফেব্রুয়ারি বিকালে কয়রা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানগণের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমি এই অঞ্চলের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। সরকারের প্রতিটি দপ্তরের সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কোনো ফাইল যেন অহেতুক আটকে না থাকে এবং সেবাগ্রহীতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।” আলোচনায় বিশেষ গুরুত্ব পায় উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা জরাজীর্ণ বেড়িবাঁধ ও সুপেয় পানির সংকট। সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আমাদের লড়াই প্রকৃতির সাথে। তাই উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা একটি আধুনিক ও স্মার্ট কয়রা গড়তে চাই, যেখানে কৃষি, মৎস্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আসবে।” মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী। সভায় উপস্থিত দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো নবনির্বাচিত সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।