স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে গাজীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫।

রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় (ভাওয়াল রাজবাড়ী) চত্বরের নাটমন্দিরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক, নাফিসা আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ সোহেল রানা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ), মোহাম্মদ কায়সার খসরু।

এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সাইদুজ্জামান,গাজীপুর সদরের সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মঈন খান এলিস প্রমুখ।

মেলায় জেলা প্রশাসনের এস.এ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল, জেলা সাব-রেজিস্ট্রি অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিস অংশ নিয়েছে। এতে মোট ৮টি স্টল স্থাপন করা হয়েছে।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের ডিজিটাল ভূমি সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমি মেলা জনগণের মধ্যে এই সেবাসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর জেলার পুলিশ সুপার, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, “ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলার গুরুত্ব অপরিসীম। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক, মোহাম্মদ কায়সার খসরু জানান, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইনভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমিসচেতনতা বৃদ্ধি করা।

গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেলের নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ, কাগজপত্র সঠিক থাকলে তাৎক্ষণিক নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন ও অনলাইনে পরিশোধের ব্যবস্থা থাকবে। এস.এ শাখার স্টলে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণ শাখায় আবেদনের তিন দিনের মধ্যে কাগজপত্র সঠিক থাকলে এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি শাখায় লিজ নবায়নের আবেদন ও নিষ্পত্তি, রেকর্ড রুমে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিক সরবরাহের সুযোগ থাকবে।

এছাড়া জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের স্টলে সংশ্লিষ্ট সেবা প্রদান, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক তথ্য সরবরাহ, ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অংশগ্রহণকারী দপ্তরগুলোর সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন এবং সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার উত্তরদানে নির্দিষ্ট বুথে কর্মকর্তার উপস্থিতির ব্যবস্থা রাখা হয়েছে।

ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও মানুষের মধ্যে ভূমিসচেতনতা বৃদ্ধি করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।