২০ অক্টোবর ২০২৫, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক সিফাত মেহনাজ'র মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদান পূর্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষক সমাজের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল ও সেক্রেটারি অধ্যক্ষ ইমরান বিন সোলাইমান ফারুকের নেতৃত্বে স্বারকলিপি প্রদান করা হয় এবং সমাবেশ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন-আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল মতিন ফারুকী এবং অন্যতম উপদেষ্টা মাওলানা মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈরশাসন, বৈষম্য ও শিক্ষাক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তার চেতনায় শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে নতুন সংস্কার জরুরি হয়ে পড়েছে।
স্বারকলিপিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে বারবার নীতিনির্ধারণে রাজনৈতিক প্রভাব, ভারতীয় আধিপত্যবাদ ও পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ আমাদের নিজস্ব শিক্ষা কাঠামো বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০১০ সালের শিক্ষানীতি ও ২০২২ সাল থেকে বাস্তবায়িত পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা উপেক্ষিত হয়েছে, যেখানে বিদয়াত ও শিরকিয়াতের মতো বিতর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মনে করে, একটি টেকসই, যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। তাই ফেডারেশন বিপ্লব-পরবর্তী জাতীয় বাস্তবতার আলোকে শিক্ষাক্ষেত্রে নীতিগত সংস্কার ও শিক্ষক-কর্মচারীদের অধিকার নিশ্চিতে নিম্নোক্ত দাবিগুলো পেশ করেনঃ
বাড়ী ভাড়া ৪৫% উন্নীত করা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, শতভাগ উৎসব ভাতা, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করন, নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং স্বৈরাচারী সরকারের আমলে যেসব এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের সকলের পাওনাদি নির্বাহী আদেশে অনতিবিলম্বে পরিশোধ করতে হবে উল্লেখ পূর্বক ৭ দফা দাবীতে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ'র মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।
শিক্ষক নেতারা বলেন, এসব প্রস্তাব গৃহীত হলে শিক্ষাক্ষেত্রের মৌলিক ত্রুটি দূর হবে এবং সৎ, দক্ষ, যোগ্য আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার পথ প্রশস্ত হবে।