দেওয়ানগঞ্জ পৌরসভা সহ ৪ টি ইউনিয়নের (বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা, চিকাজানি ইউনিয়ন, চুকাইবাড়ি ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন) ভোট কেন্দ্র স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত প্রার্থী নাজমুল হক সাঈদী।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,ফুললাকান্দি ব্রিজের দক্ষিণাংশের চারটি ইউনিয়ন চিকাজানি, চুকাইবাড়ি, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন এবং সংশ্লিষ্ট একটি ইউনিয়নসহ দেওয়ানগঞ্জ পৌরসভায় অনিয়ম মারাত্মকভাবে প্রকাশ পেয়েছে।
এছাড়াও বাহাদুরাবাদের কলাকান্দা কেন্দ্র, মাদারের চরসহ আরও কয়েকটি স্থানে বিক্ষিপ্ত অনিয়মের খবর পাওয়া গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, এসব অভিযোগ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে আশ্বাস দিয়েছেন। তবে উল্লিখিত চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন স্থগিত ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
অন্য কেন্দ্রগুলো সম্পর্কে এখনো তেমন কোনো বড় অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। সেসব ক্ষেত্রে নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেন এই প্রার্থী।