নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ময়ুং মার্মা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১ মার্চ সকাল ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩নং লামার পাড়ার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। আটক ময়ুং মার্মা (৪০) একই এলাকার অংশো থোয়াই মার্মার মেয়ে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী একদল পালানোর চেষ্টা করলে ময়ুং মার্মাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।