মাদারীপুর সংবাদদাতা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দুপক্ষের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১৩টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এতে করে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভূক্তভোগী পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে সংঘর্ষের ঘটনায় খাতিয়াল এলাকার আব্বাস চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তিকের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন সমর্থক। উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। অপরদিকে এই ঘটনায় আলাদা-আলাদা চারটি মামলা হয়েছে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছেন। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাতিয়াল এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদ্দারের সঙ্গে দীর্ঘদিন যাবত একই এলাকার আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনার পরে আব্বাস চৌধুরীকে একা পেয়ে তাকে কুপিয়ে গুরতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা যায়। এক পর্যায় আব্বাসের লোকজন সংঘবদ্ধ হয়ে বুধবার বিকেলে আবুল জমাদ্দারের বাড়িসহ তাদের লোকজনের বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এতে আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেল্লাল জমাদ্দার, সিরাজ জমাদ্দারের ঘরসহ ১৩টি বসতঘরে লুটপাট ও ভাঙচুর শেষে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়। বাঁধা দিতে গেলে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণসহ সংঘাত নিয়ন্ত্রণে আনে।