বরিশাল অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলার সাবেক সেক্রেটারি ও সাবেক নায়েবে আমির, প্রবীণ রুকন আব্দুর রব-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার যৌথ শোকবার্তায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার এই শোক প্রকাশ করেন।
যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুর রব ছিলেন আন্দোলনের একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ অভিভাবক। বরিশাল জেলা ও মহানগরীতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও কর্মতৎপরতা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। ৯২ বছর বয়সে দীর্ঘ সময় প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী থেকেও তিনি যে অসীম ধৈর্য ও ঈমানি দৃঢ়তার পরিচয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে এর সর্বোত্তম প্রতিদান দান করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা দোয়া করেন, আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।
উল্লেখ্য, আব্দুর রব গত সোমবার রাত ৮:৩০ মিনিটে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় আন্জুমান-ই হেমায়েত ইসলাম ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তাঁকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।