চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে চৌগাছায় গণসংবর্ধণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও নিজ দলের রাজনৈতিক নেতা-কর্মীরা ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সম্প্রতি উপজেলা কামিল মাদরাসা মাঠে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছো উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান, সহকারি সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, তুহিনুর রহমান তুহিন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহামনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে উপজেলা জামায়াত, পূজা উদজাপন পরিষদ, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, কাজী সমিতি, চিকিৎসক সমিতি, ছাত্র শিবির, স্কুল, কলেজ, মাদরাসাসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে উৎসব মুখর পরিবেশে শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজ থেকে এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। এরা কোনো দলের নয়, এরা সমাজ ও দেশের শত্রু।”