ইবি রিপোর্টার: আওয়ামী আমলে প্রশাসনের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থী ও শিবির নেতা ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের গুম হওয়ার দীর্ঘ ১৪ বছর পার হয়ে গেলেও খোঁজ মেলেনি তাদের। নিখোঁজ এই দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন ইবি শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
গুম হওয়া দুই শিক্ষার্থী হলেন- ইবির দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালিউল্লাহ্ এবং আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের আল মুকাদ্দাস। তারা উভয়ই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন। ওয়ালিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন অর্থ সম্পাদক এবং মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদক দায়িত্বরত ছিলেন।
জানা যায়, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্য রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে গ্রেফতার করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের ‘ওলি ভাই ফিরবে কবে, গুম কমিশন জবাব দে’, ‘মোকাদ্দাস ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই’, ‘অলি ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই, ‘আমার ভাই কে ফেরত দাও, দিতে হবে দিয়ে দাও’, ‘ইবিয়ানকে ফেরত দাও, দিতে হবে দিয়ে দাও’, ‘আমার ভাইয়ের সন্ধান চাই, ইন্টারিম জবাব চাই’, ‘মায়ের বুক খালি কেন?, প্রশাসন জবাব চাই’, সহ নানান স্লোগান দিতে দেখা যায়।