গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রউফ আকন্দ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৬টা ২০মিনিটে বগুড়ার টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালনের কারণে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে একজন জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। শিক্ষকতার বাইরে ব্যক্তি জীবনেও তিনি একজন সৎ, বিনয়ী ও ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন। গুনি এই শিক্ষকের মৃত্যুতে এলাকাবাসী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।
মরহুমের প্রথম জানাযার নামায বাদ জোহর তার সাবেক কর্মস্থল প্রিয় প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জানাযার নামাযে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী শিক্ষক, ছাত্র, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, এলাকাবাসী সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। মরহুমের দ্বিতীয় জানাযার নামায বাদ আছর তার নিজ গ্রাম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন জগদিশপুরে অনুষ্ঠিত হয়। ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।