বরিশাল অফিস
বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে বাংলাদেশ জনগণ ২১শে ফেব্রুয়ারীর মত আবার বুক পেতে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। ফ্যাসিবাদের দিকে দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা থাকলে দেয়ালের লিখন পড়ুন এদেশের জনগণ ৫১, ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এর জুলাই অদ্ভুত্থানে জীবন দেয়ার মাধ্যমে প্রমাণ করছে এদেশে ফ্যাসিবাদের কোন স্থান নেই। ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগ আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে নগরীর গির্জা মহল্লার আসমত আলী খান ইন্সটিটিউট (একে স্কুল) অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অ্যাডভোকেট হেলাল বলেন, ভাষার জন্য আমরা জীবন দিলেও এখনো সকল ক্ষেত্রে বাংলা ভাষা কার্যকর করা যায়নি, উচ্চ শিক্ষা আইন আদালত সবাই চলে বিদেশি ভাষায় যা জাতি হিসেবে আমাদেরকে হতাশ করে। আমরা অন্য দেশের ভাষায় দক্ষতা অর্জন করতে পারি কিন্তু সকল কাজে বাংলা ভাষাকেই অগ্রাধিকার দিতে হবে।
অ্যাডভোকেট হেলাল আরোও বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে ১৪০০ জন জীবন দিয়েছে এবং ৩০০০০ জন হাত পা চোখ হারিয়েছে। এত বড় সেক্রিফাইজের মাধ্যমে একটি সনদ প্রস্তুত করা হলো যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে, কিন্তু সেই জুলাই সনদকে অস্বীকার করছে। দেশবাসী অধিকার আদায় করে নিবে, দেশবাসী নোট অফ ডিসেন্ট মেনে নেয়নি জুলাই সনদ মেনে নিয়েছে। এদেশের জনগণকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার সুযোগ নেই, ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজমসহ সকল বিপ্লবীরা প্রতিরোধ গড়ে তুলবে এবং ভোটাধিকারসহ সকল অধিকার ছিনিয়ে নিয়ে আসবে।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, শামীম কবির, মহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।