মোহাম্মাদ মনিরুজ্জামান, মোংলা থেকে : সুন্দরবন ভ্রমণপ্রেমীদের জন্য যুক্ত হলো আরও একটি আধুনিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন পর্যটন জাহাজ। ‘এমভি উজানভাটি-১’ নামের এই বিলাসবহুল টুরিস্ট জাহাজটি ২০ জানুয়ারি ৫৫ জন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। যাত্রার আগে জাহাজেই দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

সুন্দরবন দীর্ঘদিন ধরেই দেশি-বিদেশি পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য হিসেবে পরিচিত। সেই স্বপ্নের যাত্রাকে আরও আরামদায়ক ও আধুনিক করতে নতুন এই টুরিস্ট জাহাজটি যুক্ত হওয়ায় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমভি উজানভাটি-১ লঞ্চের মালিক সোহাগ মোল্লা জানান, পর্যটকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই থ্রি-স্টার মানের এই জাহাজটি তৈরি করা হয়েছে। এতে মোট ২২টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন রয়েছে, যেখানে আধুনিক ডিজাইন ও আরামদায়ক ব্যবস্থার পাশাপাশি সংযুক্ত বাথরুম সুবিধা রয়েছে। এছাড়া পর্যটকদের জন্য আধুনিক ইন্টারনেট সুবিধা, সুসজ্জিত ডাইনিং স্পেস, ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং মানসম্মত রুম সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি বলেন, সুন্দরবন ভ্রমণে আগ্রহীদের অন্তত একবার উজানভাটি-১ এ ভ্রমণের আহ্বান জানাচ্ছি।