পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের নির্বাচনী মিছিলে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাউফল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সাথে তাদের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে শহরে চরম উত্তেজনা বিরাজ করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এদিকে চন্দ্রদ্বীপের ঘটনায় আহতদের মধ্যে জামায়াতের ৫ জন ও বিএনপির ১ জনকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বিপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় ঘটনার দিন দুপুরে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল করছিল জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। এসময় বিএনপি নেতা মুনির হোসেন ও তার ছোট ভাই তাহেরের নেতৃত্বে ৫০-৬০ জন বিএনপির কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

এ হামলায় জামায়াতের চন্দ্রদ্বিপ ইউনিয়নের সেক্রেটারী আমিনুল ইসলামসহ ২০-২৫ জন আহত হয়। হামলার খবর শুনে আমিনুল ইসলামের স্ত্রী সাহেদা বেগম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। চন্দ্রদ্বিপ ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে থেকে বিচ্ছিন্ন হওয়ায় আহতদের অনেকেই শহরে এসে চিকিৎসা নিতে পারেননি।

এ ঘটনার পরে ঐ এলাকায় সাধারণ মানুষ বর্তমানে আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তারা চন্দ্রদ্বিপে আর্মি ক্যাম্প স্থাপনের দাবি করেছেন।