রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগের অভিযোগে ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনকে সব দলীয় পদ থেকে স্থগিত করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে মুক্তার হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও গোলযোগ সৃষ্টির অভিযোগ এসেছে। এই কারণে তিনি আর কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমে অংশগ্রহণও সীমিত থাকবে।
স্থানীয় সূত্রের খবর, ইফতার বিতরণ কেন্দ্রের পরিবেশে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত ও পর্যালোচনার পর মুক্তার হোসেনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্যসচিবকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।