চট্টগ্রামের ভূজপুর উপজেলার পানুয়াছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পানুয়াছড়া বিওপির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর হারবাতলী এলাকায় অবস্থান নেয়।

বিকেল ৫টার দিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিনজন চোরাকারবারী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানায়। এ সময় চোরাকারবারীরা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ২৪টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সংস্থাটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও মানব পাচার রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।