সিলেটে অপহরণ মামলায় ছেলে গ্রেফতার হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সিলেট মহানগর বিএনপির ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ।

গত মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে এই অব্যাহতি পত্র প্রদান করেন তিনি।

অব্যাহতি পত্রে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি মনেপ্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও নিয়ম লালন করেন।

গত ৭ মার্চ সিলেটে অপহরণ করে টাকা দাবী ও ছিনতাইয়ের মামলায় এসএমপি’র কোতয়ালী থানা পুলিশ তার ছেলে ফারদিন আহমদকে গ্রেফতার করে। পরদিন আদালতে সুপোর্দ করলে বিজ্ঞ আদালত ফারদিনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

তিনি পত্রে আরও উল্লেখ করেন, একজন দায়িত্বশীল কর্মী হিসেবে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে দলের ভাবমূর্তি নষ্ট হোক তা তিনি চান না। এই নৈতিক অবস্থান থেকেই তিনি ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন। যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সন্তান নির্দোষ প্রমাণিত হয়, তবে ভবিষ্যতে দল যেন তাকে পুনরায় পদে ফেরার বিষয়ে সুবিবেচনা করে।