মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় নৌপুলিশের একটি দ্রুতগতির স্পিডবোটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকা-ে নৌপুলিশের এক সদস্য দগ্ধ হয়েছেন। তবে অপর একজন দ্রুত সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।
মোংলা নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফার কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নৌপুলিশের একজন অতিরিক্ত ডিআইজি মোংলায় আগমন উপলক্ষে ফাঁড়ির একটি স্পিডবোট প্রস্তুত রাখা হচ্ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে বুধবার রাতে চালক কনস্টেবল কাজী মাহাবুব হাসান এবং হেলপার (সিভিলিয়ান) শামীম স্পিডবোটটি নিয়ে জ্বালানি তেল সংগ্রহের উদ্দেশ্যে দ্বিগরাজের বাজুয়া ঘাট এলাকায় যান।
জ্বালানি সংগ্রহ শেষে স্পিডবোটটি ঘাটে নোঙর করা অবস্থায় পুনরায় মোংলা ঘাটের দিকে রওনা দেয়ার প্রস্তুতিকালে বোটটি স্টার্ট দিতে গেলে ব্যাটারির সংযোগস্থলে হঠাৎ স্পার্কের সৃষ্টি হয়। ওই মুহূর্তেই স্পিডবোটে আগুন ধরে যায়। জ্বালানি হিসেবে পেট্রোল থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ সময় হেলপার শামীম দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চালক কনস্টেবল কাজী মাহাবুব হাসান আগুনে দগ্ধ হন।