রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চোরের ছুরিকাঘাতে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহতের ঘটনায় অভিযুক্ত মেহেদী ইসলাম (৩২) স্থানীয়দের গণপিটুনিতে নিহত। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ান এর স্ত্রী। এছাড়া গণপিটুনিতে নিহত অভিযুক্ত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি একজন টাইলস মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি মনিহারি ব্যবসায়ী বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলস নির্মাণের কাজ দেওয়া হয় বিরাবো খালপাড় এলাকার রেজাউল করিমের ছেলে মেহেদী ইসলামকে। সেই থেকে কাজের সুবাদে সেই বাড়িতে মেহেদী আসা-যাওয়া করতো।
শুক্রবার বিকেলে বাবুল দেওয়ানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী ইসলামকে হাতে নাতে ধরে ফেলেন আমেনা বেগম। হুরাহুরির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার জন্য ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে মেহেদী। আমেনা বেগমের আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। পরে এলাকাবাসী আমেনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমেনা বেগমের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।