নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার ভোররাতে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার এজাহারভুক্ত ২ নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪ নং আসামি ফালানকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারী সকালে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনাকে ধামাচাপা দিত ফালান সহ ১০/ ১২জন বাদীকে হুমকী ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১ দিন পর থানায় মামলা করে শিশুটির বাবা। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।