গাজীপুর মহানগরের কাউলতিয়া এলাকায় এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ তিন লক্ষাধিক টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার বিকেলে গাজীপুর সদর থানাধীন কাউতিয়া গ্রামের (জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে) ২১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারসহ বাড়ির বাইরে যান। রাত প্রায় ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা বাড়ির পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছে। ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।
পরিবারের সদস্যদের দাবি, বিকেল সাড়ে ৪টা থেকে রাত পৌনে ৯টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বাড়ি ফাঁকা পেয়ে এই চুরি সংঘটিত করেছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, বাড়ির সবাই বাইরে থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়া যাওয়ার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও তিনি আশ্বস্ত করেন।