রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অফিস রুমের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ ১ লাখ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় চোরের দল।
গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নগর পাড়া এলাকার ব্রাইট শিশু কানন হাই স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, চোর স্কুলের সীমানা প্রাচীর কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চোররা বিদ্যালয়ের অফিসে থাকা আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়েছে এবং আলমারি ভেঙে রাখা হয়েছে।
তিনি বলেন, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই ও ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নগদ অর্থসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও বিষয়টি পরিকল্পিত চক্রান্তও হতে পারে বলে তার সন্দেহ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (
ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি অতীব গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।