নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে।

মঙ্গলবার তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। তানোর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আইনুল হক আহাম্মদ, সংসদ সদস্যের একান্ত সচিব ড. মো. ওবায়দুল্লাহ্ এবং তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন। মতবিনিময় পর্বে সংশ্লিষ্টরা তাদের প্রতিষ্ঠানের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তানোর উপজেলার সামগ্রিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি তার বক্তব্যে সর্বপ্রথম শিক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষকদের প্রধান লক্ষ্য। তিনি তানোর উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় তানোর উপজেলা একটি আদর্শ ও মডেল উপজেলায় পরিণত হবে।