চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের কানাইল নদীর পাড় ও পাশের ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। নদীর মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম ব্রীজ সংলগ্ন উত্তরাংশে মাটি কেটে পাশ্ববর্তী ইটভাটায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। মাত্র কয়েকমাস আগে খনন কাজ শেষ হওয়া নদীটির পাড় রক্ষা ও মাটি কাটায় অভিযুক্ত চক্রটি বারাইশ গ্রামের। তারা দীর্ঘ বছর ধরে বারাইশ ও নবগ্রাম এলাকার পাশের মেসার্স ভাই ভাই ব্রিকস্সহ অন্তত ৫-৬টি ইটভাটায় দিচ্ছে ফসলি জমি, কানাইল নদী ও পাড়ের মাটি। মাটি কাটায় অভিযুক্তদের নামের তালিকায় রয়েছে বারাইশ গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে জামাল উদ্দিন, শামছুল হকের ছেলে ছেলে বদিউল আলম, কাশেম ভূঁইয়ার ছেলে মোঃ রানা, বছন আলীর ছেলে মোঃ ফারুক ও একই গ্রামের আবদুল মান্নান। গত বছর কানাইল নদীর মাটির নিয়ন্ত্রন নিয়ে বারাইশ গ্রামের অসাধু এই চক্রটির সাথে যুব সমাজের একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে মাটি কাটার বিষয়টি অস্বীকার করেছেন বারাইশ গ্রামের জামাল উদ্দিন ও মোঃ এমরান। কারা মাটি কাটছে তাদের নাম বলতেও নারাজ সংঘবদ্ধ চক্র।

অনেকের অভিযোগ, মাটি কাটা চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর অভিযান না করায় তারা কানাইল নদী, নদীর পাড় ও পাশের ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে উৎকোচ নিয়ে আসায় চক্রটি মাটি কাটায় আরও দুঃসাহসী হয়ে উঠে। এছাড়া চৌদ্দগ্রাম ইউএনও ও এসিল্যান্ড অফিসের সামনে মাটি কাটা চক্রের বেতনভুক্ত সোর্স নিয়োগ থাকায় প্রশাসন অভিযানে বের হলেই তারা খবর পেয়ে সতর্ক হয়ে যায়। ফলে তথ্য পেয়ে প্রশাসন অভিযানে বের হলেও ঘটনাস্থলে গিয়ে কোন কিছুই পায় না। সম্প্রতি কানাইল নদী ও পাড়ের মাটি রাত ৯টার পর থেকে ভোর পর্যন্ত এবং পাশের ফসলি জমির মাটি সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে নিয়ে ইটভাটা ও বাড়ি ভরাটে বিক্রি করছে। কানাইল নদী উপজেলা প্রশাসনের নিকটবর্তী হলেও অভিযান পরিচালিত না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, পুকুর-খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া মিজির ব্রিজ থেকে মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের কানাইল খালটি পুনঃখননের জন্য ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। টেন্ডারে মাধ্যমে ২০২২ সালের ৩০ নভেম্বর কাজটি সম্পন্নের দায়িত্ব পায় দাউদকান্দির হাসানপুর এলাকার ‘মেসার্স লিবার্টি ট্রেডার্স’ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ শেষ হলেও নির্দেশনা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত নদীর পাড় রক্ষনাবেক্ষণ, পাড়ে গাছ লাগাতে হবে ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে। এর কোন ব্যত্যয় হলে জামানতের ১০% টাকা কেটে রাখা হবে। এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় বলেন, সারাদেশে একযোগে খাল খনন প্রকল্পের অংশ হিসেবে ধনুসাড়া ব্রিজ থেকে সিংরাইশ ব্রিজ পর্যন্ত এ কানাইল খালটি খনন করা হয়। প্রক্রিয়া অনুসরণ করে ঠিকাদার যথাসময়েই খনন কাজটি শেষ করে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বহাল থাকবে। প্রকল্পের সার্বিক দেখভাল তারাই করবে।