আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহ ও মানসিক চাপের জেরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাকে বাঁচানো গেলেও মায়ের সঙ্গে খালে ঝাঁপ দেওয়া ৮ বছর বয়সি শিশু রাইছার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামসংলগ্ন ইছামুী খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, স্কুলে যাওয়ার পথে হঠাৎ করেই মা-মেয়ে খালে ঝাঁপ দেন। নিহত শিশু রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। তিন সন্তানের মধ্যে সে ছিল সবার ছোট এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস (৩২) চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে। স্থানীয় বাসিন্দা মহিম জানান, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে বের হয়েছিল জান্নাতুল ফেরদৌস। কিছুক্ষণ পরই খালে ঝাঁপ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। হাসপাতালে এসে দেখি, শিশুটি আর নেই, মা চিকিৎসাধীন।নিহতের নানী খদিজা আক্তার অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে তার মেয়ে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি এ ঘটনার জন্য শ্বশুরবাড়ির সদস্যদের দায়ী করেন।