মানবিকতার আরেক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দানবীর, বিশিষ্ট সমাজসেবক, খোকসা ইসলামী আন্দোলনের আমীর ও রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব আনোয়ার খান। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার উপহার প্রদান করেছেন।
সোমবার (১ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর হকের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগ, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালের অক্সিজেন সংকট মোকাবিলায় সহায়তা করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন আলহাজ্ব আনোয়ার খান।
স্থানীয়রা জানান, প্রবাসে থেকে বৈধ পথে দেশে অর্থ প্রেরণকারী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আনোয়ার খান যেমন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তেমনি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর এই মহৎ উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই সমাজসেবকের এমন মানবিক সহায়তা খোকসা উপজেলা হাসপাতালের চিকিৎসাসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।