“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দেয়। পাশাপাশি মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যা পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই সচেতনতা বৃদ্ধি এবং কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।