স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

সকালে বারি’র প্রধান কার্যালয়ের সামনে মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় আনসার সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং বারি উচ্চ বিদ্যালয় ও আনন্দ শিশু কাননের শিক্ষক-শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহতদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং সন্ধ্যায় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।