স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার নগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের নায়েবে আমীর ছাদেকুজ্জামান খান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রবিউল হক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন।

রুকন সম্মেলনে নবনির্বাচিত এমপি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সালাহউদ্দিন আইউবীকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইসমাইল পাঠান প্রমুখ। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, রুকনবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সালাহউদ্দিন আইউবী বলেন, দায়িত্বশীল রাজনীতি ও মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে এলাকার উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি রমজান মাসের তাৎপর্য তুলে ধরে মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

শেষে দোয়া মাহফিল ও ইফতার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।