নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে বইছে আনন্দের জোয়ার। এ জনপদের কৃতী সন্তান আবু জাফর মো. জোহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর এ আসন থেকে একজন যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের মন্ত্রীত্ব লাভকে স্থানীয়রা গর্ব ও সম্ভাবনার নতুন সূচনা হিসেবে দেখছেন।
দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চার উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিচ্ছেন নবনিযুক্ত মন্ত্রীকে। অনেকেই এটিকে দিনাজপুর-৬ এর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে নারী ও শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলেও প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় দিনাজপুর-৬ এর অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। গ্রামীণ উন্নয়ন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং নারীর ক্ষমতায়নে যুগান্তকারী উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশাই এখন জনমনে।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দিনাজপুর-৬ এর মানুষ বিশ্বাস করেন, তাঁর হাত ধরেই এই জনপদ উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায়ে প্রবেশ করবে।