স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহ আলম বকশি শনিবার (৭ই ফেব্রুয়ারি) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্ট ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এদিন ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গাপুর বাজারে সম্প্রতি মৃত্যুবরণকারী এক ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেন শাহ আলম বকশি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ সময় এলাকাবাসীর মাঝেও মানবিক ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।
এরপর তিনি স্পিনিং মিলস ও যমুনা গ্রুপের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। শ্রমিকদের কর্মপরিবেশ, ন্যায্য অধিকার, মজুরি ও জীবনমান উন্নয়নের বিষয়ে তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শ্রমিকদের সাথে এই সরাসরি সংযোগকে তিনি গণভিত্তিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
গণসংযোগ ও মতবিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন আসনের সদস্য সচিব আবু সিনা মামুন, উপজেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, আসন পরিচালক শফিউদ্দিন, প্রধান এজেন্ট হারুনুর রশিদ, পৌর আমির ইয়াসিন আলী মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় বলেন, এই ধরনের ধারাবাহিক গণসংযোগ সাধারণ মানুষের আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় করবে।
দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে গাজীপুর-১ আসনে শাহ আলম বকশির রাজনৈতিক তৎপরতা ও জনসম্পৃক্ততা নতুন করে আলোচনায় এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।