পবিত্র মাহে রমাদান উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Development Forum-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খোকসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজের বিধবা, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমাদানের পবিত্রতা ও সংযমের শিক্ষাকে ধারণ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, খোকসা সরকারি কলেজ-এর প্রভাষক মোঃ আব্দুল খালেক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ওয়াজেদ বাঙালি, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু প্রমূখ।
বক্তারা বলেন, রমাদান মাস সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রমাদান ফুড প্যাকেজে ছিল—চাউল ১০ কেজি, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ১ কেজি, আলু ৩ কেজি ও ডাল ১ কেজি।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন—এই দোয়া কামনা করেন।