গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।