বর্নাঢ্য আয়োজনে আজ রোববার (১ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে নগরভবনে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। ইতোমধ্যে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কেসিসি। ওই অনুষ্ঠানে খুলনার ৬ এমপি, সাবেক মেয়র ও প্রশাসক, সরকারি দপ্তরের প্রধান, সুধীজন, পেশাজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ সকল ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নবনিযুক্ত প্রশাসকের ব্যক্তিগত আগ্রহে খুলনা মহানগরীর অন্যতম স্টেক হোল্ডার রিকশা চালক, ইজিবাইক চালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরও ওইদিন আমন্ত্রণ জানানো হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে নগর পরিচালনার উদ্দেশ্যে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। জ্বরসহ নানা রোগে আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। পরিবার ও নেতৃবৃন্দের অনুরোধে তাকে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ দেড় বছর যাবৎ আমলা দ্বারা সিটি কর্পোরেশন পরিচালিত হয়েছে। জনগণের প্রতিনিধিরা জনসেবার দায়িত্বে না থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে, মানুষ ভোগান্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সঙ্গে থেকে জনগনের জন্য কাজ করতে। আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো।