লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া অভিযোগ করেছেন,চরবংশী ৭নং ওয়ার্ডের  তার সমর্থক ও সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে পথে বাধা দেওয়া হয়েছে।

‎ভুক্তভোগী হাসনাইন  অভিযোগ করে বলেন, তার বাড়ি দুর্গম চরে এলাকায় হওয়ায় আজ  সকালে তিনি পানিরঘাট হয়ে ৮ নং দক্ষিণ  চর বংশী ইউনিয়নের  চরকাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে (৭ নম্বর ওয়ার্ড) ভোট দিতে যাচ্ছিলেন। পথে বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে স্টিক দিয়ে  মারধর করেন এবং কেন্দ্রে যেতে বাধা দেন। একপর্যায়ে তাকে হেনস্তাও করা হয় বলে অভিযোগ কvরেন তিনি।

‎জামায়াত প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূইয়া বলেন, “ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও কেন্দ্রে যেতে বাধা দেওয়ার একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

‎তবে এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোন  বক্তব্য দেয়নি।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।