চট্টগ্রাম ব্যুরো : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় গতকাল শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনায় সভায় এসময় অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি শাহনওয়াজ, প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান।

সভা ব্ক্তারা বলেন, ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে দিবসটি বিশ্বজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটি বাঙালি জাতির কাছে যেমন শোকের, তেমনি মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল দিন। ৫২’র সেই দিনে, ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুবসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। এসময় মিছিলে পুলিশ গুলি চালায়, এতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ বহু নাম না জানা তরুণ শহীদ হন। তাঁদের মহান আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।