ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। ১০ ট্রাভেল এজেন্সির মালিকের পক্ষে এলহাম ট্রাভেল কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জুমান চৌধুরী এ রিট আবেদনটি দায়ের করেছেন।

গতকাল রোববার রিট দায়ের করার বিষয়টি জানান তিনি।

রিটে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৬ এর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, এটি একটি কালো অধ্যাদেশ। এই অধ্যাদেশের একাধিক ধারা, উপধারা ও দফা আইনগত সীমা অতিক্রম করেছে এবং সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘন করা হয়েছে। এক এজেন্সি অন্য এজেন্সি থেকে টিকিট ক্রয়-বিক্রয় করতে পারবে না। শুনানি ব্যতীত ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত, জেল ও জরিমানার বিধান বৃদ্ধি, ১০ লাখ টাকা জামানতের বিধান, ট্রাভেল এজেন্সির ভৌত ঠিকানায় রিক্রুটিং এজেন্সি থাকতে পারবে না, অধ্যাদেশের এই ধারাগুলো বাতিল ও গেজেটের স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি প্রকাশিত হয় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৬। এ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)।