সাতকানিয়া সংবাদদাতা

সাতকানিয়া-লোহাগাড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী গতকাল শনিবার দিনব্যাপী সাতকানিয়া উপজেলার এওচিয়া ও মাদার্শা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

গণসংযোগ চলাকালে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। অনেকেই এগিয়ে এসে করমর্দন করেন, শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন, সেবা ও নাগরিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিভিন্ন স্থানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, “আমি এই এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আগেও কাজ করেছি, এখনও সেই দায়িত্ববোধ থেকেই আবারও আপনাদের পাশে থাকতে চাই। উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার লক্ষ্য। তিনি আরো বলেন, আমি ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়াÑলোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। সেই সময় ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।

দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা যুব বিভাগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, সাবেক সভাপতি ডা. জাফর আহমদ, সেক্রেটারী ফারুক হোসাইন, ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়াএবং সাবেক ছাত্র নেতা জাকারিয়া, এডভোকেট মোজাম্মেল হক নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।