চট্টগ্রাম ব্যুরো
নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে চাকসুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা ধর্ষণ ও মব সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে উল্লেখযোগ্য সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, বিভিন্ন ঘটনায় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরও ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান বিচারিক পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও ধর্ষণের ঘটনায় কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা স্পষ্ট নয়।
কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালী মহল ঘটনার পর সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের প্রবণতা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেন চাকসু জিএস।
চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, দেশে নারীর নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। অপরাধীরা রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে পার পেয়ে গেলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়। তিনি বলেন, “ধর্ষক যে দলেরই হোক, তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। মানববন্ধন থেকে বক্তারা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।