সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের মরহুম আলহাজ্ব ডা. আব্দুল মোত্তালিব আকন্দের নিজ বাড়ির উঠানে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধা-৩ সংসদীয় আসন দুটি উপজেলা নিয়ে গঠিত হওয়ায় উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। দুই উপজেলাতেই সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এরশাদুল হক ইমন, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ সরকার, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাফিউজ্জামান সুমন এবং বায়তুলমাল সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন।
এছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দের মতে, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।