জামায়াত দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও দারিদ্র বিমোচনে সহায়তা করতে সীমিত সামর্থ্য নিয়ে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরে আলাদাদপুর রব্বানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ৮ নং দত্তপাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আমীর আব্দুল খালেক বিএসসির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা যুববিভাগের সভাপতি তাওসিফ হাসনাহাইন, ৮ নং দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বাবলু ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দশটি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ড. রেজাউল করিম বলেন, বেকারত্ব ও দারিদ্র আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা। কিন্তু দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় স্বাধীনতার পর কোন সরকারই জাতিকে বেকারত্বের অভিশাপ ও দারিদ্রমুক্ত করতে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি বরং ক্ষমতাকে দীর্ঘায়িত ও পাকাপোক্ত করতেই নিজেদের সকল শক্তি ও প্রয়াস নিয়োজিত করেছে। ফলে বারবার ক্ষমতার পট পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বরং পরিবর্তন হয়েছে সুবিধাবাদী গোষ্ঠীর। কিন্তু জামায়াত সে অশুভ বৃত্ত থেকে দেশকে বের করে এনে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ ভোট দিয়ে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক শান্তির সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না বরং রাষ্ট্রই নাগরিকের সকল সমস্যার সমাধান করবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী মাফিয়াতন্ত্রীদের পতনের পর মনে করা হয়েছিলো দেশে আইনের শাসন ও সকল ক্ষেত্রে ন্যায়বিচার ফিরে আসবে। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিতে এক নতুন ধারার সৃষ্টি হবে। কিন্তু ক্ষমতাসীনদের নেতিবাচক ও গণবিরোধী অবস্থানের কারণেই দেশ ও জাতির ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়েই ভিন্ন আঙ্গিকে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাঁরা দিতে শুরু করেছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। অন্যথায় জনগণ দাবি আদায়ে আবারো রাজপথে নেমে আসবে। প্রেস বিজ্ঞপ্তি।