আসন্ন ঈদুল ফিতর ঘিরে গাজীপুর মহানগরকে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদককারবারিদের কবল থেকে মুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যরা। মহানগরজুড়ে অপরাধ দমনে সমন্বিত তৎপরতা বাড়ানোর এই সিদ্ধান্ত আসে মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।
মতবিনিময়ে এমপি মুজিবুর রহমান বলেন, যেকোনো মূল্যে অপরাধ দমন নিশ্চিত করতে হবে। নাগরিকরা যেন নির্বিঘেœ চলাচল ও নিরাপদ জীবনযাপন করতে পারে, সেই নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। তিনি ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের প্রতি ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অনুরোধ করেন।
অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়ে কড়া বার্তা দেন এমপি মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, রাজনীতির আড়ালে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কারো সঙ্গে ছবি তোলা বা পরিচিতি থাকলেই কেউ দায়মুক্তি পাবে-এমন ভাবনার সুযোগ নেই। অপরাধীর দল নেই, পরিচয় নেই; অপরাধ করলে আইনের মুখোমুখি হতেই হবে।
মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার জানান, আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের চলমান অভিযান, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তৎপরতার কথা তুলে ধরে তিনি জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জনবল সংকটসহ কিছু বাস্তব সীমাবদ্ধতার কথাও তিনি উল্লেখ করেন, যা কাটিয়ে উঠতে সমন্বিত সহায়তা প্রয়োজন বলে জানান।
সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তারেহুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনাররা এবং বিভিন্ন থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে টহল বাড়ানো হবে, সন্দেহভাজন অপরাধী চক্রের ওপর নজরদারি আরও কড়া করা হবে।
এই সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে ঈদকে সামনে রেখে গাজীপুর মহানগরকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।