স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

“সর্বকালের পরিমাপ, সকলের জন্য—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ মে) জেলা প্রশাসন ও বিএসটিআই গাজীপুরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোজাম্মেল হোসেন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই গাজীপুর এর এস এম তালাত মাহমুদ।

বক্তারা বলেন, সঠিক পরিমাপ শুধু ব্যবসা-বাণিজ্যে বিশ্বাসযোগ্যতা আনে না, এটি শিল্পোন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং ন্যায্য বাজারব্যবস্থার জন্য অপরিহার্য। বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য নিরাপত্তা এবং জ্বালানি ব্যবহারে দক্ষতার ক্ষেত্রেও পরিমাপের নির্ভুলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন তাসরাতুর রিয়াজ নেহা, সহকারী অধ্যাপক, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ডুয়েট, গাজীপুর। তিনি বলেন, “সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করতে হলে পরিমাপ সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বাড়াতে হবে, যা উন্নয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আলোচকরা আরও বলেন, বিএসটিআই শুধু মান নিয়ন্ত্রণে নয়, বরং একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পণ্যের মান, ওজন, পরিমাপ ও প্রযুক্তির যথাযথ প্রয়োগে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সভাপতির বক্তব্যে সালমা খাতুন বলেন, “পরিমাপের নির্ভুলতা কেবল অর্থনীতির ভিত শক্ত করে না, বরং এটি একটি সভ্য জাতি গঠনের অনিবার্য উপাদান।

বিশেষ অতিথিরা পরিমাপ ব্যবস্থার আধুনিকীকরণ ও এর প্রসারে বিএসটিআইথর চলমান প্রয়াসকে আরও গতিশীল ও সমন্বিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইর কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।