আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গাজীপুর জেলার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

জেলার চান্দনা চৌরাস্তা, ভোগরা বাইপাস, রাজেন্দ্রপুর চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড ও চন্দ্রা মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত এসব অভিযানে যান চলাচল স্বাভাবিক রাখা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফিলিং স্টেশনেও জ্বালানি মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয় এবং নির্ধারিত দামে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়। একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলায় ৩৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানসমূহে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম, প্রভাকর রায়, মোঃ ফয়সাল, মোঃ আরিফ হোসাঈন, নূর নাহিদ নিশাদ, মোঃ সালেহুর রহমান ও মোঃ মাশফিকুর রহমান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।