আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।

বিজিবি সদর দপ্তর ও ৫৭ বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে টহল ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারাদেশে বিজিবি সদস্যরা পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি ৩৭ হাজারেরও বেশি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আছেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে দ্বীপ ও দুর্গম এলাকা ব্যতীত ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে।

আলীকদম ও লামার চিত্র: বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতায় বান্দরবান সেক্টরের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৩০০-বান্দরবান সংসদীয় আসনের অন্তর্গত এই দুই উপজেলার ৬২টি দুর্গম ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৫টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত ইউনিট: নির্বাচনী নিরাপত্তায় এবার যুক্ত করা হয়েছে বিজিবির বিশেষায়িত কেএন-৯ (কে-৯) ডগ স্কোয়াড। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়: র‌্যাপিড অ্যাকশন টিম (জঅঞ), হেলিকপ্টার সেবা ও কুইক রেসপন্স ফোর্স (QRF) সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতিটি বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুশীলনের মাধ্যমে পেশাগতভাবে আরও দক্ষ করে তোলা হয়েছে।

৫৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী আশা প্রকাশ করেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকায় যাতে কোনো ধরণের চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য বিজিবি গোয়েন্দা নজরদারিও কয়েকগুণ বৃদ্ধি করেছে।

চাটখিল (নোয়াখালী) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের চাটখিল উপজেলায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নোয়াখালী-১ আসনের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে এই মহড়া অনুষ্ঠিত হয়।

সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে চাটখিলের পাঁচগাও ইউনিয়ন, চাটখিল পৌরসভা, পরকোট ইউনিয়ন হয়ে সাহাপুর ইউনিয়নে পৌঁছে। সাহাপুর ইউনিয়নের অবস্থিত সাহাপুর উচ্চ বিদ্যালয়ে যৌথবাহিনী পক্ষ থেকে বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেণ। এসময় সাহাপুর বাজারের বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।

সাহাপুর উচ্চ বিদ্যালয়ে মহড়া শেষ করে যৌথবাহিনীর গাড়ীর বহর রামনারায়ণপুর, খিলপাড়া ও নোয়াখলা ইউনিয়ন হয়ে পাঁচগাও ইউনিয়ন এসে মহড়া শেষ করে। এই মহড়ার মাধ্যমে ভোটের সময় যেকোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতির পাশাপাশি জনগনকে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতন করা হয়।

মহড়ায় চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য স্থানীয়দের মাঝে তুলে ধরে বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এজন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের প্রচেষ্টা অব্যহত রাখবে। এই নির্বাচন প্রক্রিয়াকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর।’

চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমাদের সকল ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলা বিষয়ক যে সকল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ চলমান আছে, সেগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যাশা সকলের সহায়তায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে পারবো।

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম।

তিনি বলেন, বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে নির্বাচন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করছে। হবিগঞ্জ জেলায় ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি জেলার চারটি আসনের নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এসব উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন সদস্যরা।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান আরও বলেন, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। নিয়মিত ভোটকেন্দ্র পরিদর্শন ও মহড়াও চলছে।

মনোহরগঞ্জ কুমিল্লা : ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,

বর্তমানে আসন্ন জাতীয় নির্বাচনÑ২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও তাদের অধীনস্থ ইউনিটসমূহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত রয়েছে। এ প্রেক্ষাপটে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি ভিন্ন উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করেছে। এসবের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এলাকা।

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে - এমন যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার লক্ষ্যে সেনা সদস্যদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ মনোহরগঞ্জ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে একটি পরিস্থিতিনির্ভর মহড়া (Situational Training Exercise) আয়োজন করা হয়।