রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আগুনে তিনটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

গত ২ মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আব্দুস সামাদ ও জামাত আলীর বাড়িতে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকা-ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুই পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ শুকনা খাবার বিতরণ করা হয়। সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।