সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। একে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতালটি পরিদর্শন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করব। সাতক্ষীরার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে যুক্ত হন।

এ সময় উপস্থিত সবার প্রতি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখার আহ্বান জানান তিনি। এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি। পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এছাড়া জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুনসহ নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ বেড, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।